Railway project news: বাংলায় বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রচার ও জনসংযোগে নেমে পড়েছে। এরই মাঝে পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রাজ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে রেল যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি রেলওয়ের দুটি গুরুত্বপূর্ণ মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কে নতুন করে প্রায় ১৯২ কিলোমিটার রেললাইন যুক্ত হবে এবং ব্যস্ত রুটে ট্রেন চলাচল আরও সহজ হবে।
এই প্রকল্পের আওতায় সাঁইথিয়া–পাকুড় এবং সাঁতরাগাছি–খড়গপুরের মধ্যে চতুর্থ রেললাইন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মোট পাঁচটি জেলাকে অন্তর্ভুক্ত করে রেললাইন সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে।
রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, এই প্রকল্পগুলির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪,৪৭৪ কোটি টাকা। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে ব্যস্ত রেল রুটে ট্রেন চলাচলের সক্ষমতা বাড়বে এবং যাত্রী পরিষেবার পাশাপাশি পণ্য পরিবহনও আরও দ্রুত ও কার্যকর হবে।
এছাড়াও বিহারের ছাপড়া–কাটিহার তৃতীয় রেললাইন প্রকল্প নিয়েও কাজ এগোচ্ছে। এই লাইনটি ছাপড়া থেকে সোনপুর, হাজিপুর ও মুজাফফরপুর হয়ে নির্মিত হবে। ইতিমধ্যেই ছাপড়া এবং বারাউনি–কাটিহার অংশে কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। প্রকল্পটি সম্পন্ন হলে উত্তর বিহারের রেল যোগাযোগ ব্যবস্থাও অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
Boosting rail connectivity and capacity in eastern India!
— Narendra Modi (@narendramodi) March 10, 2026
Cabinet has approved multitracking projects covering 5 districts of West Bengal and Jharkhand. These projects will enhance efficiency, reduce congestion and strengthen connectivity across these states. They will also…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প প্রসঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানান, পূর্ব ভারতের রেল যোগাযোগ আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, এই মাল্টি-ট্র্যাকিং প্রকল্পগুলি ট্রেনের ভিড় কমাবে, সংযোগ বাড়াবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। পাশাপাশি পণ্য পরিবহন ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকেও এগিয়ে নিয়ে যাবে।
রেল মন্ত্রকের মতে, এই প্রকল্পগুলি প্রধানমন্ত্রী গতি শক্তি জাতীয় মাস্টার প্ল্যানের আওতায় তৈরি করা হয়েছে। এর লক্ষ্য মাল্টি-মডাল সংযোগ উন্নত করা এবং লজিস্টিক ব্যবস্থাকে আরও দক্ষ করে তোলা।
প্রকল্পগুলি সম্পন্ন হলে বছরে প্রায় ৩১ মিলিয়ন টন অতিরিক্ত পণ্য পরিবহন সম্ভব হবে। পাশাপাশি বোলপুর-শান্তিনিকেতন, তারাপীঠ এবং ভীমবন্ধ বন্যপ্রাণী অভয়ারণ্যের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের সঙ্গে রেল যোগাযোগও আরও উন্নত হবে।
সব মিলিয়ে এই রেল প্রকল্পের ফলে প্রায় ৫৬৫২টি গ্রাম এবং প্রায় ১.৪৭ কোটি মানুষ উন্নত রেল যোগাযোগের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

