অমিত খিলাড়ি | ডেবরা: সোমবার ডেবরার শিকারপুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ছাত্র-ছাত্রী ভর্তি একটি স্কুলগাড়ির সঙ্গে যন্ত্রচালিত মেশিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলগাড়িটি ডেবরা থেকে মারোতলার দিকে যাচ্ছিল ছাত্রছাত্রী নিয়ে। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মেশিন ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে স্কুলগাড়িটির।
দুর্ঘটনার তীব্রতা থাকলেও সৌভাগ্যবশত গাড়িতে থাকা শিশুদের কারও গুরুতর আঘাত লাগেনি। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেশিন ভ্যানটির ভারসাম্য হারানোর জন্যই সংঘর্ষ ঘটে। ওপরদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “এই জাতীয় যন্ত্রচালিত গাড়িগুলোর বেপরোয়া চলাচলের জন্যই প্রতিদিন ঝুঁকিতে থাকছে পথচলতি সাধারণ মানুষ।”

