Election News: আসন্ন বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক বার্তা দিয়ে ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিলেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবার। নির্যাতিতার মা নিজেই জানিয়েছেন, পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়তে চান তিনি।
পরিবারের দাবি, মেয়ের জন্য ন্যায়বিচার পেতে হলে ক্ষমতার ভিতরে ঢোকা জরুরি। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা।
নির্যাতিতার বাবা সরাসরি বামেদের বিরুদ্ধে তোপ দেগে বলেন, আন্দোলনের নামে অনেকেই নিজেদের স্বার্থ চরিতার্থ করেছেন। তাঁর অভিযোগ, “আমার মেয়ের বিচার চাওয়ার নামে অনেকেই রাজনীতি করেছে। কেউ সত্যিই বিচার চায়নি।”
তিনি আরও দাবি করেন, ভোটের অঙ্কে বামেদের ভূমিকার কারণেই তৃণমূল ক্ষমতায় টিকে রয়েছে। তাঁর কথায়, “ভোট কাটাকাটির রাজনীতিতে তৃণমূল লাভবান হয়েছে। আমাদের বোঝানোর চেষ্টা করলেও কেউ শুনতে চায় না।”
প্রার্থী হওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে নির্যাতিতার মা জানান, পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে। তাঁর কথায়, “বিচার পেতে গেলে ক্ষমতা দরকার। বাইরে থেকে লড়াই করে ফল পাওয়া কঠিন। তাই নিজেই বিজেপির সঙ্গে যোগাযোগ করেছি।”
তিনি আরও অভিযোগ করেন, তাঁর মেয়ের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে সিপিএমকে কটাক্ষ করে বলেন, “ওরা আমার মেয়ের ঘটনাকে ভোটের ইস্যু বানাচ্ছে। এতে আমাদের কষ্ট আরও বাড়ছে।”
এদিকে, নির্বাচনে নামলে তাঁদের আরও সমালোচনার মুখে পড়তে হতে পারে—এমন প্রশ্নে নির্যাতিতার বাবা বলেন, “এর আগেও অনেক কথা শুনেছি। এখন আর সেগুলো নিয়ে ভাবি না। আমরা মানসিকভাবে প্রস্তুত।”
পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের প্রচারের মূল বিষয় হবে নারী সুরক্ষা, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতা। পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক লড়াইয়ের কথাও জানিয়েছেন তাঁরা।
রাজনৈতিক সূত্রে খবর, বিজেপির আসন্ন প্রার্থী তালিকায় নির্যাতিতার মায়ের নাম থাকতে পারে। যদি তাঁকে পানিহাটি থেকে প্রার্থী করা হয়, তবে সেখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হবে।

