West Bengal Election 2026 : ভোটের প্রচারের মাঝেই হঠাৎ সামনে এল বাস্তবের কড়া ছবি। “আমার ছেলেকে যে চাকরি দেবে, আমি তাকেই ভোট দেব”—এই স্পষ্ট বার্তাই প্রার্থীর সামনে জানিয়ে দিলেন এক অসহায় মা।
মঙ্গলবার আরামবাগের মায়াপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামসা এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী Mita Bag। সেখানেই এক গৃহবধূর সঙ্গে তাঁর কথোপকথন মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে।
মহিলার অভিযোগ, ছেলেকে উচ্চশিক্ষিত করতে প্রায় ৩ লক্ষ টাকা খরচ করেছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত চাকরি হয়নি। ফলে ছেলের বিয়ে পর্যন্ত দিতে পারছেন না। ক্ষোভের সুরে তিনি বলেন, “বিজেপি-তৃণমূল কেউ চাকরি দেয়নি। এবার যে চাকরি দেবে, তাকেই ভোট দেব।”
এই কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন প্রার্থী। তিনি মহিলাকে বোঝানোর চেষ্টা করে বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী Mamata Banerjee কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন, নিশ্চয়ই চাকরি হবে।” তবে তাতেও শান্ত হননি ওই মহিলা। তাঁর বক্তব্য, শুধু আশ্বাসে আর ভরসা নেই—প্রয়োজন বাস্তব কাজের।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে আরামবাগের প্রার্থী Hemanta Bag বলেন, “মহিলা কোনও ভুল কথা বলেননি। দীর্ঘদিন রাজ্যে শাসন করছে তৃণমূল, অথচ বেকার সমস্যার সমাধান হয়নি।”
অন্যদিকে, তৃণমূল প্রার্থীর দাবি—এটি ক্ষোভ নয়, বরং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগেরই প্রতিফলন। তাঁর কথায়, মানুষ তাঁদের সমস্যা জানাচ্ছেন, সেটাই গণতন্ত্রের শক্তি।
জানা গিয়েছে, ওই মহিলার ছেলে এমএ পাশ করার পর বেসিক ট্রেনিং সম্পূর্ণ করেছেন। তবুও চাকরি না পেয়ে বর্তমানে স্থানীয় দোকানে কাজ খুঁজছেন। ভোটের মুখে এই ঘটনা আরও একবার স্পষ্ট করে দিল—রাজনীতির বড় বড় প্রতিশ্রুতির মাঝে সাধারণ মানুষের সবচেয়ে বড় চাহিদা এখনও একটাই—চাকরি।

