Kharagpur: সাত সকালেই অগ্নিকাণ্ডে উত্তেজনা খড়্গপুর শহরে। অতি রোডের উপর থাকা একটি মোবিল ও ব্যাটারির দোকান থেকে আচমকাই বেরোতে থাকে ধোঁয়া ও আগুনের শিখা। তা দেখে মুহূর্তে ছুটে আসেন পাশের দোকানদাররা। কেউ জল, কেউ বালতি, কেউ আবার দোকানের ফায়ার এক্সটিংগুইশার নিয়ে ঝাঁপিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়ার আগেই স্থানীয়দের তৎপরতায় বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগে। তত্ক্ষণাৎ দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফলে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় দোকান ও আশপাশের এলাকা।
অগ্নিকাণ্ডের জেরে অতি রোডে কিছুক্ষণের জন্য তৈরি হয় তীব্র যানজট। সকালবেলায় অফিস–স্কুলগামী মানুষের ভিড়ে রাস্তায় লম্বা লাইন পড়ে যায়। খবর পেয়ে খড়্গপুর টাউন থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। দোকানের ভিতরে শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুন—তা জানতে তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

