Sabang: প্রেম নাকি অন্ধ! সে সমাজ, নিয়মকানুন, এমনকী বয়সেরও তোয়াক্কা করে না। মন যখন যাকে চায়, তখন পৃথিবীর সব বাধাই যেন তুচ্ছ মনে হয়। বিবাহযোগ্য বয়স না হলেও প্রেম যে পরিণতি পেতে কতটা ব্যাকুল হয়ে ওঠে, ঠিক যেন সিনেমার গল্পের মতো তারই এক বাস্তব চিত্র ফের দেখা গেল সবংয়ে। প্রেমের অদম্য টানে সবংয়ের বুড়াল অঞ্চল থেকে সোজা ভেময়া অঞ্চলে প্রেমিকের দুয়ারে গিয়ে হাজির এক নাবালিকা।
প্রেমিকার এমন ‘সারপ্রাইজ এন্ট্রি’ দেখে প্রেমিকের তো আনন্দে আত্মহারা হওয়ার কথা! কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো। সিনেমার রোমান্টিক দৃশ্য মুহূর্তেই বদলে গেল সাসপেন্স থ্রিলারে! কারণ, কথায় আছে ‘ন্যাড়া একবারই বেলতলায় যায়’। এর আগেও এই একই নাবালিকা বিয়ের দাবিতে বাড়ি ছেড়ে প্রেমিকের হাত ধরেছিল। সেবার মেয়ের বাবার অভিযোগে পুলিশ এসে এমন পদক্ষেপ নিয়েছিল যে, ছেলের পরিবারের, বিশেষ করে ছেলের বাবার রাতের ঘুম উড়ে গিয়েছিল। আইনি ঝামেলা আর পুলিশের চক্কর কাটতে কাটতে রীতিমতো কালঘাম ছুটেছিল তাদের।
তাই এবার আর আবেগের কোনো জায়গা নেই, পুরোটাই প্র্যাক্টিক্যাল! বিয়ের উদ্দেশ্যে হবু বউমাকে সোজা দরজায় হাজির হতে দেখেই ভয়ে চমকে ওঠে ছেলের পরিবার। কোনো ঝুঁকি না নিয়ে তারা তৎক্ষণাৎ ফোন ঘোরায় সবং থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

