Election news: ভোটের মুখে রঘুনাথপুরের জনসভা থেকে মহিলা ভোটারদের উদ্দেশে সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। তাঁর স্পষ্ট আহ্বান—ভোটের দিন কোনও অনিয়ম দেখলে চুপ করে না থেকে রুখে দাঁড়াতে হবে।
সভামঞ্চ থেকে তিনি বলেন, “পুলিশের পোশাক পরে কেউ যদি ছাপ্পা দিতে আসে, তাঁকে আটকাতে হবে। প্রয়োজন হলে হাত পাখা, এমনকি রুটি বেলার বেলন নিয়েও প্রস্তুত থাকুন।” এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটের আগে বাইরের দুষ্কৃতীরা সক্রিয় হয়ে উঠতে পারে এবং ছদ্মবেশে ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তাই বিশেষ করে মহিলা ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাঁর কথায়, “যে রাঁধে সে চুলও বাঁধে—সময় এলে প্রতিবাদ করতেও জানে।”
এদিন তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, “তৃণমূলকে চোর বলা হচ্ছে, অথচ দেশ বিক্রি করছে কারা, তা মানুষ জানে।” মহাভারতের উদাহরণ টেনে তিনি বলেন, তৃণমূল পাণ্ডবদের মতো আর বিজেপি কৌরবদের মতো আচরণ করছে—কোন পক্ষকে সমর্থন করবেন, তা মানুষকেই ঠিক করতে হবে।
বাংলার সংস্কৃতি ও পরিচিতিকে ‘টার্গেট’ করা হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিজেপি বাংলাকে দুর্বল করার চেষ্টা করছে। তাই ভোটে তৃণমূলকে সমর্থনের আবেদন জানিয়ে তিনি বলেন, “একটা ভোটও যেন অন্যদিকে না যায়।”
ভোটার তালিকা নিয়েও কেন্দ্রকে নিশানা করেন তিনি। তাঁর অভিযোগ, বহু মহিলার নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, বিশেষ করে বিয়ের পর পদবি বদলের কারণে সমস্যায় পড়ছেন অনেকে।
এছাড়াও গ্যাসের দাম বৃদ্ধি, রেলভাড়া ও কেন্দ্রীয় নীতির সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, “একটা জীবনে মানুষকে আর কতবার লাইনে দাঁড়াতে হবে?”
উল্লেখ্য, এর আগেও একই ধরনের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় নির্বাচন কমিশন এই বিষয়ে রিপোর্ট তলব করেছে। ফলে ভোটের আবহে এই মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

