ভিক্ষুক ভেবেই ভুল করবেন না! এসি লোকালে পুলিশকে ‘শিক্ষা’ দিল ১০ বছরের শিশু। উত্তর ২৪ পরগনার বামনগাছি স্টেশনে ২৫ তারিখ মঙ্গলবার সকালে এমন এক দৃশ্য দেখা গেল, যা মুহূর্তেই আলোড়ন ফেলল চতুর্দিকে। মাত্র দশ বছরের এক ভিক্ষুক–ভবঘুরে বালক, যার দিন কাটে স্টেশন চত্বর ঘুরে ভিক্ষা করে, আর সেই ছেলেটাই এদিন স্বপ্ন দেখল এসি লোকালে চড়া। লোকাল ট্রেনে উঠতে তার কোনদিনই অসুবিধা হয়নি, কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত এসি লোকাল যেন সবসময়ই ছিল তার নাগালের বাইরে। কয়েকদিন ধরে সেই ট্রেনকে স্টেশনে দাঁড়াতে দেখে ইচ্ছে আরও বেড়েছিল তার।
এদিন ভিক্ষা করে জমানো টাকায় সে কাটে ৩৫ টাকার ‘বৈধ’ টিকিট—বামনগাছি থেকে মধ্যমগ্রাম যাওয়ার। সকাল থেকেই তাকে উত্তেজনায় টহল দিতে দেখে যাত্রীরা, ব্যবসায়ীরা প্রশ্ন করতে ছেলেটি শুধু বলেছিল— “আজ এসি লোকালে উঠব।” তবে কথাটা শুনে অনেকেই তাচ্ছিল্যের হাসি হেসে বলে বসেছিল— “তুই উঠলেই তোকে নামিয়ে দেবে!”
কিন্তু সেই সব মন্তব্যে কান না দিয়ে সে চুপচাপ দাঁড়িয়ে ছিল ট্রেনের অপেক্ষায়। অবশেষে এসি লোকাল ঢুকতেই দরজা খুলে যেতেই ছুটে উঠে পড়ে সে। ময়লা জামা–কাপড় পরে থাকা ভবঘুরে ছেলেটিকে দেখে দরজায় দাঁড়িয়ে থাকা আরপিএফ কর্মী সঙ্গে সঙ্গে তাকে আটকে বলেন— “এই! নামো, এটা এসি লোকাল।”
আর তখনই পুরো স্টেশন থমকে যায়। ছেলেটি শান্তভাবে পকেট থেকে মোটা ভাঁজ করা একটি টিকিট বের করে আরপিএফের সামনে ধরতেই তিনি নিজেই হতবাক। কাগজটা হাতে নিয়েই পরিষ্কার দেখে নেন—এটি সম্পূর্ণ বৈধ টিকিট। কোনও কথা না বলে আরপিএফ কর্মী তখনই তাকে সম্মান করে ভেতরে বসিয়ে দেন।
ভিক্ষুক ভেবেই ভুল করবেন না! এসি লোকালে পুলিশকে ‘শিক্ষা’ দিল ১০ বছরের শিশু।
স্টেশনের বহু যাত্রী হাততালি দিয়ে প্রশংসা করতে থাকেন খুদের এই সৎ ও সাহসী কাজের। যেখানে প্রতিদিন বিনা টিকিটে যাত্রীদের ধরা হয়, জরিমানা গুনতে হয়—সেই জায়গায় দাঁড়িয়ে এক ভবঘুরে শিশুর টিকিট কেটে এসি লোকালে ওঠার ঘটনা স্বাভাবিকভাবেই সকলকে নাড়া দিয়েছে। এরই মধ্যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল—আর সেখানেও প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে ছেলেটির জন্য।
মানুষের সম্মান কখনও তার পোশাকে নয়—তার সচেতনতা, ইচ্ছাশক্তি আর আত্মসম্মানেই—বামনগাছির এই ছোট্ট খুদের ঘটনাই তার প্রমাণ।

