রানিগঞ্জের ধসপ্রবণ এলাকা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। শনিবার ভোট প্রচারে গিয়ে তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে যারা নিরাপদ স্থানে সরে আসবেন, তাঁদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ও আবাসনের ব্যবস্থা করবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। তাই আমরা চাই না কেউ বিপদের মধ্যে থাকুন। যারা ধসপ্রবণ এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় যাবেন, তাঁদের ১০ লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি দেওয়া হবে দুটি ফ্ল্যাট। শিফটিংয়ের সমস্ত খরচও সরকার বহন করবে।”
তিনি জানান, ইতিমধ্যেই প্রায় ২০০০টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে আরও ৪০০০ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এই সিদ্ধান্ত কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি। তাঁর কথায়, “আমি কাউকে বাধ্য করছি না, অনুরোধ করছি—নিজেদের নিরাপত্তার কথা ভেবে নতুন করে ভাবুন।”
এদিন মুখ্যমন্ত্রী ভোটার তালিকা নিয়েও বিজেপিকে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, অনেক জায়গায় ব্যাপক হারে ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী।
পাশাপাশি ধর্মীয় সম্প্রীতির বার্তাও দেন তিনি। রামনবমী, দুর্গাপুজো, ইদ কিংবা বড়দিন—সব উৎসব একসঙ্গে পালনের কথা তুলে ধরে তিনি বলেন, “সব ধর্ম, সব সম্প্রদায়কে নিয়েই আমাদের সমাজ। সবাইকে নিয়ে চললেই উন্নয়ন সম্ভব।”

