২৬ এর বিধানসভা নির্বাচনের আগে প্রচারের ময়দান গরম হতে শুরু করেছে। আর সেই আবহেই বসিরহাট (Basirhat) দক্ষিণ কেন্দ্রে নিজের প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী Dr. Shaurya Banerjee।
তিনি শনিবার সকালে শহরের ঐতিহ্যবাহী জোড়া কালীমন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারের সূচনা করেন। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছে ভক্তিভরে পুজো দেন এবং এলাকার শান্তি ও মানুষের কল্যাণ কামনা করেন।
পুজোর পর মন্দির চত্বরে উপস্থিত সমস্ত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই নিজের রাজনৈতিক লক্ষ্য স্পষ্ট করে জানান, চিকিৎসক হিসেবে দীর্ঘদিন মানুষের পাশে থাকার অভিজ্ঞতা এবার বড় পরিসরে কাজে লাগাতে চান।
ডাঃ ব্যানার্জির কথায়, “মানুষের সেবা করার সুযোগ আমি আগেও পেয়েছি, এবার আরও বড় দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। বসিরহাট দক্ষিণে স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান ও পরিকাঠামোর উন্নয়নই আমার মূল লক্ষ্য।” তিনি আরো বলেন, “এলাকায় দীর্ঘদিন ধরে বহু সমস্যা রয়ে গিয়েছে—রাস্তাঘাট থেকে পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি—সব ক্ষেত্রেই উন্নয়নের প্রয়োজন রয়েছে।”
পুজো শেষ করে সেখান থেকেই শুরু হয় তাঁর প্রথম জনসংযোগ কর্মসূচি। এলাকাজুড়ে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন, অনেকেই ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর তিনি বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে পরিকাঠামো খতিয়ে দেখেন এবং রোগীদের সঙ্গেও কথা বলেন। হাসপাতাল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “নামে সুপার স্পেশালিটি হলেও বাস্তবে পরিষেবার অনেক ঘাটতি রয়েছে।”
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় পরিবর্তনের হাওয়া বইছে এবং সেই আবহেই এই প্রচার শুরু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, ধর্মীয় আচার দিয়ে প্রচার শুরু করা ভোটারদের কাছে ইতিবাচক বার্তা দেওয়ার কৌশল হিসেবেই দেখা হচ্ছে।
সব মিলিয়ে, প্রচারের শুরুতেই ডাঃ শৌর্য্য ব্যানার্জি যে লড়াইয়ে নিজের উপস্থিতি জোরদার করতে চাইছেন, তা স্পষ্ট। এখন দেখার, এই প্রচার বসিরহাট দক্ষিণের ভোটে কতটা প্রভাব ফেলে।





