Panskura: বিধানসভা ভোটের মুখে টিকিট না পাওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra)। আর সেই ক্ষোভ সামলাতেই তড়িঘড়ি তাঁর বাড়িতে পৌঁছালেন পশ্চিম পাঁশকুড়ার তৃণমূল প্রার্থী সিরাজ খান (Siraj Khan)।
সাংবাদিক বৈঠকে সৌমেন মহাপাত্র বলেন, “আমি এখন প্রায় প্রাক্তন বিধায়ক, আমার স্ত্রীও প্রাক্তন কাউন্সিলর। আমাদের পরিবার এখন প্রাক্তনের তালিকায় চলে যাচ্ছে।”
তবে দলকে আক্রমণ না করে তিনি খানিকটা আক্ষেপের সুরেই জানান, দল ডাকলে তিনি এখনও প্রচারে যেতে প্রস্তুত। “দল যদি চায়, তমলুক বা পশ্চিম পাঁশকুড়ায় গিয়ে প্রচার করব। কিন্তু এখনও কেউ ডাকেনি, নিজে থেকে গেলে পরে যদি ফল খারাপ হয়, দায় আমার ওপরই আসবে।”
তিনি আরও জানান, প্রার্থী ঘোষণার পর সিরাজ খান ফোনে আমাকে সৌজন্য সাক্ষাতের কথা বলেছিলেন, কিন্তু পরে আর আসেননি। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়—তাহলে কি তৃণমূলের অন্দরে অসন্তোষ বাড়ছে? তার ফলে পাঁশকুড়া-তমলুক এলাকায় কি কোন প্রভাব পড়তে পারে?
পরিস্থিতি বুঝে দ্রুত উদ্যোগ নেন প্রার্থী সিরাজ খান। তিনি সরাসরি সৌমেন মহাপাত্রর বাড়িতে গিয়ে দেখা করেন এবং প্রচারে নামার জন্য আহ্বান জানান।
এখন বড় প্রশ্ন—অভিমান ভেঙে কি শেষমেশ দলের হয়ে মাঠে নামবেন সৌমেন মহাপাত্র? নাকি এই দূরত্বই ভোটের আগে নতুন সমীকরণ তৈরি করবে? সেটাই এখন দেখার বিষয়!

