নিজস্ব প্রতিনিধি, রামজীবনপুর: রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার ভোল বদলাতে শুরু হয়েছে ‘পথশ্রী’ প্রকল্পের কাজ। সেই কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে রামজীবনপুর পৌরসভার উদ্যোগে আজ এই প্রকল্পের মাধ্যমে নতুন রাস্তা তৈরির কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এদিন পৌরসভার ৮, ৯ এবং ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিনটি রাস্তার কাজের শুভ সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান কল্যান তেওয়ারী।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলি বেহাল অবস্থায় থাকায় এলাকার স্কুলপড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রী— সকলকেই চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যার আকার আরও ভয়াবহ হতো।

সাধারণ মানুষের সেই দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখেই পৌরসভা এই পদক্ষেপ গ্রহণ করেছে। জানা গিয়েছে, এই তিনটি ওয়ার্ড মিলিয়ে মোট এক কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের রাস্তা নির্মাণ করা হবে, যার জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি টাকারও বেশি অর্থ।
আজ থেকে কাজ শুরু হওয়ায় স্বভাবতই খুশির হাওয়া এলাকায়। নতুন রাস্তা তৈরির ফলে যাতায়াতের পথ মসৃণ হবে জেনে চেয়ারম্যান সহ পৌর প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

