Tmc news: ভোটের মুখে মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্র ঘিরে নতুন করে চাঞ্চল্য। তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার Humayun Kabir এবার নিজের নিরাপত্তা নিয়েই আশঙ্কা প্রকাশ করলেন।
জেলায় পৌঁছেই তিনি জেলা পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। তাঁর দাবি, অতীতে দায়িত্বে থাকাকালীন একাধিক ‘মার্ডার সিন্ডিকেট’ ভেঙেছিলেন তিনি। সেই সব চক্রের মূল মাথারা এখনও সক্রিয় রয়েছে এবং তাঁকে হুমকি দিচ্ছে।
হুমায়ুন কবীর বলেন, “পুলিশ সুপার থাকাকালীন অনেক অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কিন্তু তাদের মাথারা এখনও রয়েছে। আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। সেই কারণেই প্রাণহানির আশঙ্কা করছি। তাই আমি নিরাপত্তা চাইছি।”
২০০৩ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার ছিলেন হুমায়ুন কবীর। চাকরিজীবনে তিনি ‘হাতকাটা দিলীপ’-এর মতো কুখ্যাত অপরাধীকেও গ্রেফতার করেছিলেন। দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলায় দায়িত্বে থাকার সুবাদে জেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে ডোমকল তাঁর চেনা বলেই দাবি তাঁর।
তিনি জানান, “এই জেলা আমার হাতের তালুর মতো চেনা। কোথায় কোন সিন্ডিকেট কাজ করে, কারা তার মাথা—সবই জানি।” পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমাকে পরিচিত এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে। আমি নেতৃত্বকে ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, মুর্শিদাবাদের ডোমকল এলাকা বরাবরই স্পর্শকাতর বলে পরিচিত। অতীতেও এখানে নির্বাচনকে ঘিরে হিংসার অভিযোগ উঠেছে। গত বিধানসভা নির্বাচনেও এই এলাকায় একাধিক হিংসার ঘটনা সামনে এসেছিল।
তবে এক সময় যিনি এই জেলার পুলিশ সুপার ছিলেন, সেই হুমায়ুন কবীরের মুখেই এবার প্রাণনাশের আশঙ্কার কথা শোনা যাওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

