সুমন মণ্ডল, ঘাটাল: নির্বাচন কমিশনের ভূমিকা এবং এসআইআর (S.I.R)-এর প্রতিবাদে রবিবার বিকেলে জনজোয়ার দেখল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। চন্দ্রকোনা বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মহামিছিলে পা মেলালেন হাজার হাজার দলীয় কর্মী ও সাধারণ সমর্থক।
রবিবার বিকেলে চন্দ্রকোনা বিধানসভার কালিকাপুর থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। দীর্ঘ পথ পরিক্রমা করে মিছিলটি শেষ হয় সুরেরহাটে। মিছিলের অগ্রভাগে ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া। মিছিলে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকরা নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকার তীব্র প্রতিবাদ জানান এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। শুনানি কেন্দ্রে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও সুরাহা মিলছে না। এই প্রক্রিয়ার জেরে রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। মিছিল চলাকালীন এলাকা জুড়ে কড়া পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো।
মিছিল শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অরূপ ধাড়া বলেন, ‘‘নির্বাচন কমিশন বর্তমানে বিজেপির দালালে পরিণত হয়েছে। বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত বিজেপি করছে, তা আমরা সফল হতে দেব না। সাধারণ ভোটারদের ওপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে।’’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘‘আজকের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান প্রমাণ করে মানুষ ক্ষুব্ধ। আগামী দিনে সাধারণ মানুষের সমর্থনে তৃণমূল কংগ্রেসই ফের সরকার গঠন করবে।’’

