Haldia: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক ময়দান আরও উত্তপ্ত করে তুললেন প্রধানমন্ত্রী Narendra Modi। উত্তরবঙ্গের কোচবিহারের পর এবার দক্ষিণবঙ্গের হলদিয়া থেকে শাসকদলকে নিশানা করে আক্রমণ শানালেন তিনি। এদিনের সভা থেকেই রাজ্যের বর্তমান সরকারকে ‘নির্মম সরকার’ বলে কটাক্ষ করার পাশাপাশি বাংলার মানুষের জন্য ‘৬ গ্যারান্টি’র ঘোষণা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে সভার শেষে তাঁর গলায় শোনা যায় আরও কড়া বার্তা—দুর্নীতি ও হিংসার সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না, প্রত্যেকের হিসেব নেওয়া হবে।
এদিন হলদিয়ার জনসভায় বাংলাতেই বক্তব্য শুরু করেন মোদী। বিশাল জনসমাগম দেখে তিনি বলেন, বাংলার আকাশে-বাতাসে পরিবর্তনের হাওয়া বইছে এবং এই পরিস্থিতি তৃণমূল সরকারের বিদায়ের ইঙ্গিত দিচ্ছে। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে রাজ্যে উন্নয়নের বদলে তোষণ, দুর্নীতি ও কাটমানির রাজ কায়েম হয়েছে। তিনি বলেন, তৃণমূল সংবিধান ও আইন মানে না, আর সেই কারণেই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে সংবিধান মেনে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এরপরই প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য ‘৬ গ্যারান্টি’ তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বিজেপি সরকার এলে ভয়ের রাজনীতি শেষ করে ভরসার পরিবেশ তৈরি করা হবে, সাধারণ মানুষের স্বার্থে দায়বদ্ধ প্রশাসন গড়ে তোলা হবে, দুর্নীতি ও নারী নির্যাতনের প্রতিটি মামলার তদন্ত হবে, তৃণমূল আমলে দুর্নীতির সঙ্গে যুক্তদের জেলে পাঠানো হবে, শরণার্থীদের অধিকার নিশ্চিত করা হবে এবং অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি সরকার গঠিত হলে সপ্তম পে কমিশন চালু করা হবে এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিও পূরণ করা হবে।
সভা শেষে আরও আক্রমণাত্মক সুরে মোদী বলেন, তৃণমূল বাংলায় ভয়ের পরিবেশ তৈরি করে রাজনীতি করছে, কিন্তু বিজেপি সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাবে। তাঁর কথায়, “যারা বছরের পর বছর ধরে দুর্নীতি আর হিংসায় জড়িয়ে রয়েছে, তাদের প্রত্যেককে হিসেব দিতে হবে। কাউকে ছাড়া হবে না।” রাজনৈতিক মহলের মতে, হলদিয়ার এই সভা থেকে স্পষ্ট বার্তা দিল বিজেপি—আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কোনও রকম ফাঁক রাখতে চাইছে না তারা। এখন দেখার, প্রধানমন্ত্রীর এই গ্যারান্টি ও কড়া হুঁশিয়ারি ভোটবাক্সে কতটা প্রভাব ফেলতে পারে।

