সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার মুখ থেকে অলৌকিকভাবে ফিরে এল ১৪টি কচি প্রাণ। বৃহস্পতিবার বেলা সাড়ে ন’টা নাগাদ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের চাঁপি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুল পুলকার পানা ভর্তি পুকুরে উল্টে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের একটি পুলকার ঝাউপাথরা এলাকা থেকে পড়ুয়াদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। চাঁপি গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তার পাশের গভীর পানা ভর্তি পুকুরে সটান পড়ে যায় পুলকারটি। মুহূর্তের মধ্যে জলমগ্ন হয়ে পড়ে গোটা গাড়ি।
দুর্ঘটনার দৃশ্য দেখে চিৎকার শুরু করেন পথচারীরা। আর সেই চিৎকারেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকাজে। কেউ দড়ি আনেন, কেউ গাড়ি টানতে হাত লাগান। জানলার কাচ ভেঙে একে একে গাড়ির ভেতর থেকে বের করে আনা হয় ১৪ জন পড়ুয়াকে।
গ্রামবাসীদের কথায়, “আর একটু দেরি হলেই বড় বিপদ হয়ে যেত।” সময়মতো উদ্ধার না হলে প্রাণহানির আশঙ্কা ছিল বলেই মনে করছেন সকলে।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, সমস্ত শিশু বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছে। প্রাথমিকভাবে কাউকেই গুরুতর আঘাত পেতে হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে দুর্ঘটনার পর পুলকার চালককে আটক করেছে পুলিশ। কী কারণে নিয়ন্ত্রণ হারাল গাড়ি—তা খতিয়ে দেখা হচ্ছে। সকালের এই ভয়াল মুহূর্তে স্থানীয়দের তৎপরতাই হয়ে উঠল ১৪টি পরিবারের ভরসা। আতঙ্কের মধ্যেও মানবিকতার এই ছবি নজর কাড়ছে গোটা এলাকায়।

