সবুজ পৃথিবীর স্বপ্ন বুকে নিয়ে, ‘পরিবেশ বাঁচাও, মানুষ বাঁচাও’— এই বার্তা ছড়িয়ে সাইকেলে পথে নেমেছেন দুই তরুণ। উন্নয়নের দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়া প্রকৃতির পাশে দাঁড়ানোর এমন সাহসী উদ্যোগ নিয়েছেন হাওড়ার পাঁচলা থানার জয়পুর গ্রামের দুই বন্ধু দীপঙ্কর দোলই ও সৌম্য দাস।
দূষণের ভয়ঙ্কর গ্রাস, নির্বিচারে গাছ কাটা, প্লাস্টিকের দাপট— এই সব কিছুই দীর্ঘদিন ধরেই ভাবিয়ে তুলেছিল তাঁদের। “আমরা যদি আজ না ভাবি, আগামী প্রজন্ম শ্বাস নেওয়ার বাতাসও পাবে না”— বললেন দীপঙ্কর। সেই ভাবনা থেকেই জন্ম নেয় তাঁদের এই অনন্য ‘সাইকেল যাত্রা ফর নেচার’।
হাওড়া থেকে জাতীয় সড়ক ধরে যাত্রা শুরু করে তাঁরা এখন পৌঁছে গেছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও পিংলা ব্লকের জামনা অঞ্চলে। পথে পথে তাঁরা মানুষের সঙ্গে কথা বলে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। কোথাও গ্রামের মানুষদের প্লাস্টিক বর্জনের পরামর্শ, কোথাও বা শিশুদের হাতে তুলে দিচ্ছেন চারা গাছ।
সৌম্য বলেন, “আমরা বড় আন্দোলন করছি না। ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তন আনবে। প্রতিটি মানুষ যদি একটি করে গাছ লাগায়, তাহলে আমাদের ভবিষ্যৎ একটু হলেও সুরক্ষিত হবে।”
দুই বন্ধুর এই ‘সবুজ অভিযাত্রা’ এখন সাধারণ মানুষের নজর কেড়েছে। স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী— সবাই এগিয়ে আসছেন তাঁদের এই প্রচেষ্টাকে সমর্থন জানাতে। অনেকে তাঁদের সঙ্গে প্রতীকী সাইকেল র্যালিতেও যোগ দিচ্ছেন।
ডেবরার জামনা অঞ্চলে তাঁদের দেখে এক প্রবীণ কৃষক বলেন, “এরা আজকের ছেলেমেয়ে হলেও ভাবনাটা খুব গভীর। প্রকৃতি আমাদের মা— একে না বাঁচাতে পারলে আমরাও টিকব না।”
অভিযানের সময় তাঁরা স্থানীয় প্রশাসনের কাছেও আবেদন জানাচ্ছেন— গ্রামে গ্রামে প্লাস্টিক নিষিদ্ধ করা ও গাছ রক্ষার উদ্যোগ আরও জোরদার করতে।

