পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিজেপি। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর প্রায় একটার সময় পাঁশকুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুরানানকার এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকেরা দেওয়াল লিখন করছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎই কয়েকজন তৃণমূল-সমর্থিত দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়।
বিজেপির দাবি, গত লোকসভা নির্বাচনে এই ওয়ার্ডে তারা এগিয়ে থাকায় রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হামলা হয়েছে। আহত কর্মীরা ইতিমধ্যে Panskura Police Station-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি দলের।
পাঁশকুড়া নগর মণ্ডলের সভাপতি সুকুমার ভূঁইয়া বলেন, “গণতান্ত্রিক দেশে যে কোনও রাজনৈতিক দলের প্রচার করা অধিকার। এই বুথে বিজেপি শক্তিশালী হয়ে উঠছে বুঝেই তৃণমূল আমাদের প্রচারে বাধা দিচ্ছে। পুলিশ যদি ব্যবস্থা না নেয়, আমরা আদালতের দ্বারস্থ হব।”
তবে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। পাঁশকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভেন্দুশেখর ভক্তার দাবি, বিজেপি কর্মীরা বাড়ির মালিকের অনুমতি ছাড়াই দেওয়াল লিখন করছিলেন।
তাঁর বক্তব্য, “বাড়ির মালিক প্রতিবাদ করায় বিজেপি কর্মীরাই তাঁর উপর চড়াও হয়। সেই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রতিক্রিয়া দেখান। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই।” ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।

