Nandakumar: শুক্রবার ভোরে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত হাঁসগেড়িয়া এলাকায় ১১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন অন্তত ২২ জন যাত্রী। যাত্রীবোঝাই একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্যাংকারের পিছনে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল প্রায় সাড়ে ৬টা নাগাদ সোলপাট্টা–কলকাতা রুটের একটি বাস সোলপাট্টা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। সেই সময় সামনে থাকা আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করেন চালক। কিন্তু হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্যাংকারের পিছনে ধাক্কা মারে বাসটি।
ধাক্কার তীব্রতায় বাসের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান।
আহতদের মধ্যে প্রায় ১৪ জনকে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের নন্দকুমারের খেজুরবেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এদিকে এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



