দিঘা-মন্দারমণি-শংকরপুরের পর্যটক ভিড়ে এবারের দুর্গোৎসবে মদ বিক্রির রেকর্ড গড়ল পূর্ব মেদিনীপুর। জেলা আবগারি দপ্তরের হিসেব অনুযায়ী, ষষ্ঠী থেকে নবমী মাত্র চার দিনেই জেলার রাজস্ব আয় দাঁড়িয়েছে প্রায় ৩৩ কোটি ৮৬ লক্ষ টাকা।
সংখ্যাটা আরও বিস্ময়কর হয়ে ওঠে যখন দেখা যায় বিক্রির খতিয়ান—
- দেশি মদ: ৩,২০,৫০৯.৭২ লিটার
- বিদেশি মদ: ২,০২,৬৫৫.৮৫ লিটার
- বিয়ার: ২,৮৪,২০৫.৩৯ লিটার
অর্থাৎ এবারের পুজোয় দেশি মদের বিক্রি বিদেশির চেয়ে বেশি হলেও, বিয়ারের চাহিদাও কিছু কম ছিল না।
তবে আবগারি দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, চলতি বছরে বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী একই দিনে পড়ায় ওই দিন দোকান বন্ধ থাকায় বিক্রির অঙ্ক কিছুটা কম হয়েছে। দোকান খোলা থাকলে সংখ্যাটা আরও কয়েক কোটি বাড়ত বলেই তাঁদের ধারণা।
উল্লেখযোগ্যভাবে, গত পাঁচ বছর ধরে রাজ্যজুড়ে মদ বিক্রিতে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। পর্যটন কেন্দ্র হিসেবে দিঘা-মন্দারমণির জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এই প্রবণতা আরও তীব্র হয়েছে।
২০২৩ সালে যেখানে এই জেলার মদ বিক্রির অঙ্ক ছিল প্রায় ১৫৭৬ কোটি টাকা, সেখানে ২০২৪ সালের ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত বিক্রি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭৪০ কোটি টাকা।
সব মিলিয়ে উৎসবের আমেজে যখন জেলায় জুড়ে ভিড়, তখন মদের দোকানগুলিতেও লেগেছে সোনার হাওয়া। পর্যটক আর স্থানীয় মিলিয়ে একসঙ্গে মদ বিক্রিতে রেকর্ড গড়ল পূর্ব মেদিনীপুর।

