Tamluk: বিধানসভা ভোটের আগে দলবদল ও পুনরায় দলে ফেরা নিয়ে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে পূর্ব মেদিনীপুরে। তারই মধ্যে একসময় দুর্নীতির অভিযোগে দল থেকে অপসারিত হওয়া প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান Selim Ali-কে ফের দলে নিল তৃণমূল কংগ্রেস।
২০২২ সালে শান্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকাকালীন তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। দলীয় সূত্রে জানা যায়, অভিযোগ খতিয়ে দেখে সত্যতা মিলতেই তাঁকে পদ থেকে সরানো হয় এবং দল থেকেও অপসারণ করা হয়।
এরপর দীর্ঘ সময় কেটে গেলেও, বিধানসভা নির্বাচনের আগে ফের সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তন করলেন সেলিম আলি। বৃহস্পতিবার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি Uttam Barik এবং তমলুক কেন্দ্রের প্রার্থী Dipendra Narayan Ray।
দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে পুরনো নেতাদের ফিরিয়ে আনার মাধ্যমে সংগঠন মজবুত করার কৌশল নিচ্ছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

