Digha: বছর শেষের উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই সাজো সাজো রব দীঘায়। ২৫ ডিসেম্বর বড়দিনের পরেই বর্ষবরণ—এই সময়টায় পর্যটকদের ঢল নামে সাগরপাড়ে। প্রশাসনের অনুমান, এ বছর আগের তুলনায় ভিড় আরও বাড়বে। সেই ভিড় সামলাতেই আগাম প্রস্তুতিতে জোর দিল জেলা প্রশাসন।
দীঘা উন্নয়ন পর্ষদের দপ্তরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার, দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক, ট্রাফিক পুলিশ ও হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। বৈঠকে মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা, সমুদ্রতটের নিরাপত্তা ও পর্যটকদের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলাশাসক জানান, ২৫ ডিসেম্বর থেকেই গোটা দীঘা শহর আলোর রোশনাইতে সেজে উঠবে। একদিকে হোটেল ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান আলোকসজ্জায় সাজাবেন, অন্যদিকে দীঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তা, ওল্ড দীঘা ও নিউ দীঘার বিস্তীর্ণ সমুদ্রসৈকত ঝলমলে আলোয় সাজানো হবে।

প্রতিবার উৎসবের মরসুমে হোটেল ভাড়া নিয়ে পর্যটকদের অভিযোগ ওঠে। সেই অনৈতিক ভাড়া বৃদ্ধি বা কালোবাজারি রুখতে এ বছর কড়া নজরদারির বার্তা দিয়েছে প্রশাসন। জেলাশাসক স্পষ্ট করে জানান, স্বল্পমেয়াদি লাভের আশায় অতিরিক্ত ভাড়া বাড়ালে তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে—এই বিষয়টি মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হবে।
বর্ষবরণ উপলক্ষে এ বছরও ‘বিচ সাইড ফেস্টিভ্যাল’ আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, দীঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সমুদ্রতটে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে।
নিরাপত্তা প্রসঙ্গে ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার জানান, পর্যটকদের সুরক্ষায় বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। সমুদ্রতট, হোটেল এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়গুলিতে কড়া নজরদারি চলবে যাতে কোনও পর্যটক সমস্যায় না পড়েন।
সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে বর্ষবরণে আতশবাজির প্রদর্শনী। দীঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, অলিম্পিকের আদলে বড় আকারের আতশবাজি প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। তবে পরিবেশ দপ্তরের ছাড়পত্র এখনও মেলেনি। অনুমতি মিললেই সেই বিশেষ আতশবাজির প্রদর্শনী উপভোগ করতে পারবেন পর্যটকরা।
সব মিলিয়ে বছর শেষের উৎসবে দীঘাকে ঘিরে খুশির হাওয়া বইছে সাগরপাড় জুড়ে। এখন শুধু অপেক্ষা—পরিবেশ দপ্তরের সবুজ সঙ্কেত মিললেই আলোর দীঘায় যুক্ত হবে আকাশভরা রঙিন আতশবাজির জাদু।

