Murshidabad: রাস্তায় উপর পড়ে থাকা এক লক্ষ টাকা—অনেকেই হয়তো চোখ ফিরিয়ে নিতেন না। কিন্তু জঙ্গিপুরে এক ট্রাফিক ওয়ার্ডেন দেখালেন ভিন্ন উদাহরণ। রাস্তায় উপর কুড়িয়ে পাওয়া সেই টাকা যথাযথ মালিকের হাতে ফিরিয়ে দিয়ে, এখন তিনি জঙ্গিপুর এলাকায় প্রশংসার কেন্দ্রবিন্দু।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ী মহাজনের কাছে টাকা দেওয়ার জন্য প্রায় এক লক্ষ টাকা নিয়ে বেরিয়েছিলেন। সেই টাকা একটি কালো ক্যারিব্যাগে ছিল। কিন্তু জঙ্গিপুরের একটি ব্রিজ পার হওয়ার সময় অসাবধানতাবশত ব্যাগটি পড়ে যায়।
ঠিক সেই সময় এদিকে ডিউটিতে যাচ্ছিলেন ট্রাফিক ওয়ার্ডেন Sabir Sheikh। ব্রিজের মাঝখানে পড়ে থাকা ব্যাগটি দেখে সন্দেহ হওয়ায় তিনি সেটি তুলে খুলতেই চোখে পড়ে—ভিতরে ৫০০ টাকার নোটে ভর্তি মোটা অঙ্কের টাকা।
এক মুহূর্তও দেরি না করে তিনি বিষয়টি ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের জানান। শুরু হয় খোঁজাখুঁজি, তারপর কিছু সময়ের মধ্যেই খুঁজে পাওয়া যায় সেই ব্যবসায়ীকে।
পরে তিনি থানায় এসে প্রমাণ দেখিয়ে নিজের হারানো টাকা ফিরে পান। টাকা ফিরে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ট্রাফিক ওয়ার্ডেন ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহল থেকে সাধারণ মানুষ—সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সাবির শেখকে। রঘুনাথগঞ্জ ব্যবসায়ী সমিতির সদস্যরা বলেন, পুলিশের এই ধরনের কাজ সমাজে একটি ইতিবাচক বার্তা দেয়। স্থানীয়দের কথায়, “এখনও সততা বেঁচে আছে—এই ঘটনাই তার প্রমাণ।”

