নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে ত্রিপল দিয়ে ঢেকে তিনটি গরু নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শনিবার গভীর রাতে সবং থানার অন্তর্গত তেমাথানি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনটি গরু-সহ টোটোটিকে আটক করে সবং থানার পুলিশ (Sabang News)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে একটি টোটোতে ত্রিপল দিয়ে ঢেকে তিনটি গরু নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় রাস্তায় থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা মারে টোটোটি। এরপর মোটরসাইকেল আরোহীদের সঙ্গে টোটোর চালকের বচসা শুরু হয়। সেই বচসার সময়ই মোটরসাইকেল আরোহীরা টোটোর মধ্যে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় তিনটি গরু দেখতে পান। এরপর তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সবং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তিনটি গরু-সহ টোটোটিকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, গরুগুলিকে সবংয়ের বরসাহারা এলাকা থেকে পিংলার ধনেশ্বরপুর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। গরু পরিবহণের ঘটনাকে কেন্দ্র করে তেমাথানি সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।



