DA News: বাজেটে ঘোষিত রাজ্য সরকারি কর্মীদের অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) কার্যকর হওয়া নিয়ে তৈরি হওয়া জটিলতার দায় কার্যত Election Commission of India-এর উপরেই চাপালেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। মঙ্গলবার ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর সমর্থনে জনসভা থেকে তিনি বলেন, বাজেটে ঘোষণার পরেও ডিএ সংক্রান্ত ফাইল নির্বাচন কমিশন আটকে রেখেছে।
তাঁর কথায়, “৪ শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু ফাইল আটকে রয়েছে। সরকারি কর্মীদের স্বার্থে দ্রুত ছাড়পত্র দেওয়া উচিত। এটা ভোটের আগের ঘোষণা, তাই আলাদা করে আটকে রাখার কথা নয়।” একইসঙ্গে তিনি আশ্বাস দেন, ইতিমধ্যেই বকেয়া ২৫ শতাংশ ডিএ দেওয়া হয়েছে এবং নতুন ৪ শতাংশ ডিএ এপ্রিলের বেতনের সঙ্গে দেওয়া হবে।
তবে কমিশনের অনুমোদন না মিললে বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন সরকারি কর্মীদের একাংশ। এই বিষয়টি নিয়ে কর্মীদের প্রতিনিধিরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎও করেছেন। সূত্রের খবর, রাজ্যের তরফে বর্ধিত ডিএ কার্যকর করার জন্য আনুষ্ঠানিক আবেদন ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে এবং সেখান থেকে ছাড়পত্র এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের আশা শেষ মুহূর্তে হলেও কমিশনের অনুমোদন মিলবে এবং কর্মীদের প্রাপ্য আটকে রাখা হবে না। সেই কারণেই এখনও এপ্রিল মাসের বেতনের বিল চূড়ান্ত করে ট্রেজারিতে পাঠানো হয়নি। অনুমোদন মিললেই দ্রুততার সঙ্গে বর্ধিত ডিএ যুক্ত করে বেতন দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে।

