Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার পরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ২০ হাজার টাকা! সাইবার প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের পিয়ারডাঙা গ্রামের বাসিন্দা ইমরান খান। তাঁর দাবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)-এর অ্যাকাউন্টে থাকা টাকা অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে চলে গিয়েছে।
অভিযোগ অনুযায়ী, ইমরানের মোবাইলে হঠাৎ করেই ‘সিস্টেম আপডেট’ শুরু হয়। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা আর নেই। কীভাবে ওই টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তরিত হল, তা নিয়ে উদ্বেগে পড়েন তিনি। ঘটনার পর সাইবার ক্রাইম থানা-সহ পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর এলাকায় সাইবার প্রতারণা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, চন্দ্রকোনা এলাকায় আরও কয়েকজন যুবক একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। তবে তাঁদের প্রত্যেকের ক্ষেত্রে প্রতারণার পদ্ধতি এক কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

মোবাইলে কোনও আপডেট, অজানা অ্যাপ বা অপ্রত্যাশিত বার্তা দেখলেই সতর্ক থাকা জরুরি। বিশেষ করে অচেনা লিঙ্কে ক্লিক করা, অপরিচিত অ্যাপ ইনস্টল করা কিংবা কাউকে OTP ও ব্যাঙ্কের গোপন তথ্য দেওয়া থেকে বিরত থাকা উচিত।
ইমরান খানের অ্যাকাউন্ট থেকে কীভাবে টাকা স্থানান্তরিত হল, ‘সিস্টেম আপডেট’-এর সঙ্গে ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না এবং অন্য কোনও প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করা হয়েছিল কি না, তা তদন্তের পরেই স্পষ্ট হবে। আপাতত টাকা ফেরত পাওয়ার আশায় পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক।



