পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের একবার ভাতা প্রকল্প ঘিরে উত্তেজনা, লক্ষ্মীর ভাণ্ডারকে (Lakshmi Bhandar) টেক্কা দিতে এবার অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই প্রকল্পে তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা প্রতি মাসে ১,২০০ টাকা ও সাধারণ শ্রেণির মহিলারা ১,০০০ টাকা করে ভাতা পান। এবার সেই প্রকল্পকে টেক্কা দিতে এগিয়ে এল বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যদি বিজেপি বাংলায় ক্ষমতায় আসে, তাহলে চালু করা হবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় বাংলার মহিলারা পাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা। সংবাদমাধ্যমের সামনে বিজেপির এই প্রতিশ্রুতি তুলে ধরে সুকান্ত বলেন, “লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও তিনগুণ টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারে।”
তবে এই প্রকল্পের সদস্য হওয়ার জন্য কী কী শর্ত লাগবে বা কারা এর সুবিধা পাবেন, সে বিষয়ে বিজেপি নেতারা এখনো বিস্তারিত কিছু জানাননি। শুধু ভাতা নয়, কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতিও বিজেপির মুখে শোনা গিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “ভাতা থাকবে ঠিকই, কিন্তু একই সাথে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা হবে।”
বিগত কয়েক বছরে বিভিন্ন রাজ্যে ভোট এলেই রাজনৈতিক দলগুলি ভাতা নিয়ে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন। পশ্চিমবঙ্গ সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আদলে তৈরি মধ্যপ্রদেশের লাডলি বেনা যোজনা বা মহারাষ্ট্রের লাডকি বহিন যোজনার মতো সামাজিক প্রকল্পগুলি ভোট বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। সেই পথেই এবার বাংলাতেও একই কৌশল নিচ্ছে বিজেপি।
তবে বিজেপির এই প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা সম্ভব, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই বকেয়া ডিএ এবং লক্ষ্মীর ভাণ্ডারের খরচে বিপাকে পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ মেটাতে গেলে রাজ্য সরকারের খরচ হবে প্রায় ১১,০০০ কোটি টাকা। তার মধ্যেই নতুন করে আরও ভাতা প্রকল্প বাস্তবায়ন যে বিরাট আর্থিক বোঝা তৈরি করতে পারে, তা বলাই বাহুল্য।
বিজেপির পক্ষ থেকে একাধিক কর্মসূচিতে মহিলা ভোটারদের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর বিষয়ে জানানো হচ্ছে। এমনকি পাড়ায় পাড়ায় গিয়ে সদস্যপদ নেওয়ার অনুরোধের সময় এই ভাতার প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালানো হচ্ছে। বলে সূত্রের খবর। Follow us

