নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়া: বিধানসভা নির্বাচনের আগেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিজেপির অন্দরের কোন্দল চরম আকার ধারণ করল। খোদ দলের রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে প্রতারণা ও প্রাণনাশের হুমকির মারাত্মক অভিযোগ আনলেন বিজেপিরই দীর্ঘদিনের সৈনিক নারায়ণ কিঙ্কর মিশ্র। ৩৩ বছরের পুরনো বিজেপি কর্মী তথা তিনবারের বিধানসভা প্রার্থী নারায়ণ কিঙ্কর মিশ্রের অভিযোগ, তাঁকে আগামী দিনে প্রার্থী করা ও দলের উচ্চ পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ধাপে ধাপে প্রায় ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন সিন্টু সেনাপতি।
এমনকি সল্টলেকে তাঁকে আটকে রেখে জোরজবরদস্তি জমিজমা বিক্রি করিয়ে সেই টাকাও আত্মসাৎ করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। নারায়ণবাবুর আরও অভিযোগ, ১০ টাকার স্ট্যাম্প পেপারে টাকা ফেরতের লিখিত আশ্বাস দিলেও বাস্তবে তা মেলেনি। উল্টে পাওনা টাকা চাইতে গেলে সিন্টু সেনাপতি ও তাঁর দলবল তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেধড়ক মারধর করে। বিষয়টি নিয়ে শমীক ভট্টাচার্যকে চিঠি লিখেও কোনও সুরাহা না হওয়ায় তমলুক থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন এই প্রবীণ নেতা।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিন্টু সেনাপতি। তাঁর পাল্টা দাবি, নারায়ণ কিঙ্কর মিশ্র এখন বিজেপির কেউ নন এবং তিনি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে ২০২৬-এর ভোটের আগে তাঁকে বদনাম করার চক্রান্ত করছেন। অন্যদিকে, বিজেপির এই নজিরবিহীন কোন্দল ও সংঘাতকে তীব্র কটাক্ষ করেছেন পাঁশকুড়ার স্থানীয় তৃণমূল নেতা শেখ সমিরুদ্দিন।

