নিমতৌরিতে তিনটি ভারী গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে চাঞ্চল্য ছড়াল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকা। শনিবার তমলুকের নিমতৌরি সংলগ্ন জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারবেড়িয়া দিক থেকে রাজ্য সড়ক ধরে আসা দুটি ট্রাক কোনও রকম সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই হঠাৎ জাতীয় সড়কে উঠে হলদিয়ার দিকে যেতে শুরু করে। ঠিক সেই সময় কোলাঘাটের দিক থেকে দ্রুতগতিতে হলদিয়াগামী একটি গ্যাস ট্যাংকার এবং তার পেছনে একটি তেল ট্যাংকার আসছিল।
হঠাৎ সামনে ট্রাক উঠে আসায় চালক সজোরে ব্রেক কষেন গ্যাস ট্যাংকারের চালক। তবে ভারী গাড়ি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে গ্যাস ট্যাংকার। মুহূর্তের মধ্যেই তার পেছনে থাকা তেল ট্যাংকারও গ্যাস ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায়। পরপর সংঘর্ষে দুটি ট্যাংকার ও ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার শব্দ শুনে আশপাশের এলাকার মানুষজন ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। গ্যাস ট্যাংকার ও তেল ট্যাংকার জড়িত থাকায় বড়সড় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে কোনও লিকেজ বা আগুন না লাগায় বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।


