Election news: রাজ্যের বিধানসভা ভোটের আবহে ভবানীপুরে প্রচার শুরু করেই বিতর্কে জড়ালেন Suvendu Adhikari। মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র বিরুদ্ধে প্রার্থী হয়ে বৃহস্পতিবার প্রথম দিনের প্রচারে নামেন তিনি। তবে দিন গড়াতেই এলাকায় তৈরি হয় উত্তেজনার পরিস্থিতি।
প্রচারের সময় ভবানীপুরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগানে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই প্রচার শেষে সরাসরি ভবানীপুর থানায় যান শুভেন্দু অধিকারী।
বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁদের দলীয় কর্মীদের পুলিশ হুমকি দিচ্ছে এবং শাসকদলের প্রভাবেই এই কাজ করা হচ্ছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “পুলিশ যেন তৃণমূলের কথায় কাজ না করে। নিজেদের ক্ষমতার অপব্যবহার না করে। আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও জানান, ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে অবাধ প্রচার করার অধিকার তাঁর রয়েছে। কোথাও বাধা পেলে তিনি সরাসরি থানায় যাবেন বলেও হুঁশিয়ারি দেন।
অন্যদিকে ভোটের ফল নিয়েও আত্মবিশ্বাসী শুভেন্দু। তাঁর কথায়, “আমি জানি আমি জিতব। শুধু চাই শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হোক। মানুষ নিজেদের মতামত স্বাধীনভাবে জানাক, ফল যাই হোক তা মেনে নেব।”
কেন ভবানীপুরে প্রার্থী হলেন, সেই প্রশ্নের উত্তরে শুভেন্দু জানান, “দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই তিনি এই কেন্দ্রে লড়ছেন।” তাঁর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা এখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।”
এদিকে ভোটের আগে আইনি লড়াইয়েও নামতে হয়েছে তাঁকে। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ও বিস্তারিত তথ্য না পাওয়ার অভিযোগ তুলে তিনি Calcutta High Court-এর দ্বারস্থ হয়েছেন।
শুভেন্দুর দাবি, পুলিশ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির সঠিক তথ্য দিচ্ছে না। অথচ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে হলফনামায় সমস্ত মামলার বিবরণ দিতে হয়। সেই কারণেই আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
সব মিলিয়ে, ভবানীপুরে ভোটের লড়াই শুরু হতেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। সামনে যত দিন এগোবে, ততই এই কেন্দ্রের লড়াই আরও জমবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

