Mecheda: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত হলদিয়া–মেচেদা রাজ্য সড়কের শান্তিপুর এলাকায় শনিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। হলদিয়াগামী একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে মেছেদাগামী ঔষধ বোঝাই একটি লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলা ব্যস্ত সময়ে বাসটি হলদিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ঔষধ বোঝাই লরির সঙ্গে আচমকা মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।
ঘটনার পর স্থানীয় মানুষ দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। আহতদের তড়িঘড়ি মেচেদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
বাসের চালকের দাবি, হঠাৎ স্টিয়ারিং কেটে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটি আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।





