সবং: আধুনিক প্রযুক্তির জগতে মোবাইল গেম Free Fire আজ শুধুমাত্র বিনোদন নয়, নেশার রূপ নিচ্ছে — আর সেই নেশাই কেড়ে নিল এক কিশোর প্রাণ। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বড়চাহারা এলাকায় গেমের নেশায় এক দ্বাদশ শ্রেণির ছাত্রের আ-* ত্ম*- *হ -*ত্যা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত ছাত্রের নাম আকাশ পাল (বয়স ১৯), সে পিংলার উজান হরিপদ হাই স্কুলের ভোকেশনাল বিভাগের ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে আকাশ অনলাইন গেমে ভীষণভাবে আসক্ত ছিল। মায়ের মোবাইল ব্যবহার করেই সে নিয়মিত নানা গেম খেলত, এমনকি পড়াশোনাও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি তার মা একটি লোন নেন, যার টাকা বৃহস্পতিবার ব্যাংকে জমা হয়। কিন্তু শুক্রবার সকালে যখন ব্যাংকে পাসবই আপডেট করতে যান, তখন দেখা যায় লোনের টাকা-সহ প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা উধাও!
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, টাকা কেটে নেওয়া হয়েছে একাধিক অনলাইন গেমের অ্যাপের মাধ্যমে। এই ঘটনায় ভেঙে পড়েন আকাশের মা। বাড়ি ফিরে ছেলেকে বকাঝকা করেন তিনি। আর সেই মানসিক চাপই যেন শেষ পরিণতি ডেকে আনে।
বিকেলে বাড়ির পাশের বাগানে গিয়ে গলায় ফাঁস দেয় আকাশ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃ* – *ত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সবং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামের মানুষ, সহপাঠী ও শিক্ষকরা স্তব্ধ এই মর্মান্তিক ঘটনার পর। স্থানীয় এক শিক্ষক বলেন, “এই ঘটনাটা একটা বড় সতর্কবার্তা। মোবাইল গেমের আসক্তি আজ এক নিঃশব্দ বিষ। সন্তানদের উপর নজর রাখা এখন সময়ের দাবি।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি আ-*ত্ম -*হ -* ত্যা বলেই মনে হচ্ছে। তবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কীভাবে এত টাকা উধাও হল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় সচেতন মহল বলছে, অতিরিক্ত অনলাইন গেমে আসক্তি শুধুমাত্র পড়াশোনার ক্ষতি নয়, মানসিক ভারসাম্য নষ্ট করছে তরুণ প্রজন্মের। পরিবার ও প্রশাসনের আরও কঠোর নজরদারি ছাড়া এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো অসম্ভব।

