ফের জলের তলায় ঘাটাল। টানা কয়েক দিনের বৃষ্টিতে এবং একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে জুনের শুরুতেই জলমগ্ন হয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। এদিকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হলেও বন্যা পরিস্থিতি নিয়ে ঘাটালবাসীর মনে ক্ষোভ বাড়ছে। সেই পরিস্থিতিতে এবার সরাসরি বার্তা দিলেন ঘাটালের সাংসদ দেব।
শুক্রবার থেকেই ঘাটাল মহকুমার ১০৮টি ওয়ার্ড ও অঞ্চলের অবস্থা আশঙ্কাজনক। মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, চন্দ্রকোনা ও ঘাটাল মিলিয়ে প্রায় ৩০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। আশ্রয় নিয়েছেন প্রায় হাজার খানেক মানুষ। ফলে জলবন্দি পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, বিরোধী দলগুলিও শুরু করেছে সমালোচনা।
এই ঘাটালের বন্যা পরিস্থিতিতে দেব এক্স হ্যান্ডলে মাধ্যমে জানিয়েছেন, “সরকার এবং প্রশাসন আপনাদের পাশে সব সময় আছে।” তিনি আরো বলেন, যে মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণ হতে এখনও ৪-৫ বছর সময় লাগবে। গত ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হওয়া এই প্রকল্পে নদী ড্রেজিং, বাঁধ নির্মাণ, ব্রিজ তৈরি, খাল সংস্কার থেকে কৃত্রিম নদী পর্যন্ত একাধিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিছু এলাকায় বন্যার কারণে ব্যাহত হয়েছে। জেলা প্রশাসনের তরফে ড্রোনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির চিত্র সংগ্রহ করা হয়েছে। এবং মেদিনীপুরে জলের তোড়ে ভেসে গিয়ে রবিবার বিকেল পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। প্রশাসনের দাবি, পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘাটালবাসীর দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাসে মাস্টার প্ল্যান ছিল একমাত্র আশার আলো। কিন্তু প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেই কাজ কত দ্রুত শেষ হবে, এখন সেটাই বড় প্রশ্ন।

