Keshpur News: পথ দুর্ঘটনায় ডান হাত ভেঙে গেল। তবু পরীক্ষা মিস নয়—অদম্য ইচ্ছাশক্তির জোরে হাসপাতালে শুয়েই রাইটার নিয়ে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা দিলেন কেশপুরের এক ছাত্রী।
বৃহস্পতিবার সকালে কেশপুর ব্লকের ছুতারগেড়িয়া হাই মাদ্রাসার ছাত্রী রুবিনা খাতুন বাবার মোটরবাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল কেশপুরের আন্দিচক হাইস্কুলে। পথে আচমকাই একটি কুকুর বাইকের সামনে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টে যায়। দুর্ঘটনায় রুবিনার ডান হাত ভেঙে যায়।
দ্রুত তাঁকে কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হলেও সামনে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শারীরিক যন্ত্রণা উপেক্ষা করে রুবিনা স্পষ্ট জানিয়ে দেন—তিনি পরীক্ষা দেবেনই।
বিষয়টি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষাকেন্দ্র এবং উচ্চ মাধ্যমিক সংসদের জেলা যুগ্ম কনভেনার রামজীবন মান্ডিকে জানানো হয়। প্রশাসনের তৎপরতায় হাসপাতালে রাইটারের ব্যবস্থা করা হয়। সেখানেই পরীক্ষার প্রথম পত্র লেখেন রুবিনা।
রামজীবন মান্ডি জানান, “খবর পেয়েই আমরা পরীক্ষাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করি। যাতে ছাত্রীর পরীক্ষা নষ্ট না হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। সে রাইটার নিয়ে পরীক্ষা দিয়েছে এবং বাকি পরীক্ষাগুলিও একইভাবে দেবে।”
দুর্ঘটনার ধাক্কা, হাতে প্লাস্টার—সব কিছুর মাঝেও পরীক্ষার প্রতি দায়বদ্ধতা দেখিয়ে রুবিনা খাতুন প্রমাণ করলেন, ইচ্ছাশক্তির কাছে বাধা বড় নয়।

