ডেবরা ব্লকের ৩ নম্বর সত্যপুর অঞ্চলের টাবাগেড়িয়া গ্রামে দীর্ঘ প্রায় দু’মাস ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন এলাকার মানুষজন। আদিবাসী অধ্যুষিত এই পাড়ায় বসবাস করেন প্রায় ৩০০ জন। গ্রামবাসীদের অভিযোগ, ২০১৯ সালে এখানে একটি সাবমার্সেবল পাম্প বসানো হয়েছিল, যার মাধ্যমে পাইপলাইনের সাহায্যে বাড়ি বাড়ি জল পৌঁছত। কিন্তু দু’মাস আগে হঠাৎই সেই সাবমার্সেবলটি বিকল হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে চরম জল যন্ত্রণা।
স্থানীয়দের দাবি, সাবমার্সেবল খারাপ হয়ে যাওয়ার পর আশপাশের একমাত্র টিউবওয়েলটিও আগে থেকেই অচল ছিল। পরে নিজেদের উদ্যোগে কোনওমতে সেটি সারিয়ে জল তুলছেন তাঁরা। কিন্তু তাতে প্রয়োজনের তুলনায় জল মিলছে না। ফলে অনেক পরিবারকে প্রতিদিন প্রায় এক কিলোমিটার দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে। গরমের মধ্যে এই পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠেছে বলে জানান বাসিন্দারা।
গ্রামবাসীরা একাধিকবার এই সমস্যার কথা ডেবরা ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে জানালেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। জল সংকটের জেরে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে, সমস্যায় পড়ছেন মহিলা ও শিশুরা।
এই প্রসঙ্গে ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ী বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সাবমার্সেবল মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, জল সংকট ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে এলাকায়। বিজেপি নেতা গোপাল রাও বলেন, “মানুষ যখন ঠিকমতো পানীয় জলই পাচ্ছে না, তখন সরকারের উন্নয়নের দাবি অর্থহীন।” এর পাল্টা তৃণমূল কংগ্রেসের ডেবরা ব্লক সভাপতি প্রদীপ কর বলেন, “এই সমস্যা দীর্ঘদিনের। প্রশাসন সমাধানের চেষ্টা করছে, বিজেপি শুধু রাজনীতি করছে।”
অভিযোগ, আশ্বাস আর পাল্টাপাল্টি বক্তব্যের মাঝেই কবে টাবাগেড়িয়ার আদিবাসী পাড়ার মানুষ স্বস্তির জল পাবেন, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। #Debranews

