পাঁশকুড়া: ফের অভয়া কাণ্ডের ছায়া রাজ্যে! এবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, হাসপাতালেরই এক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করেছে হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার জহির আব্বাস খান।
অভিযোগকারিণীর দাবি, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত কর্মক্ষেত্রে কুপ্রস্তাব দিত এবং ভয় দেখাত। শুধু তাকেই নয়, হাসপাতালের একাধিক মহিলা কর্মীকে একইভাবে হয়রানি করত জহির। কিন্তু আতঙ্কে এতদিন কেউ মুখ খোলেননি।
অবশেষে সহকর্মীদের সহযোগিতায় ফেসিলিটি ম্যানেজারের ঘরে গোপন ক্যামেরা বসানো হয়। তাতেই ধরা পড়ে কুকীর্তি। এই ঘটনার পর সাহস সঞ্চয় করে লিখিত অভিযোগ দায়ের করেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। তার পরেই নড়েচড়ে বসে পাঁশকুড়া থানার পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ফেসিলিটি ম্যানেজার জহির আব্বাস খানকে।
অভিযুক্ত জহির আব্বাস খান রিলাইবেল প্রাইভেট লিমিটেডের মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সহকর্মী স্বাস্থ্যকর্মীরা অভিযোগকারিণীর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য—”এমন ঘটনা আর সহ্য করা যাবে না। আমার কঠোর শাস্তি চাই।”
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

