পশ্চিম মেদিনীপুরের সবংয়ে সামনে এসেছে সম্পর্কের বিশ্বাস ভেঙে দেওয়া এক ভয়ঙ্কর প্রতারণার ঘটনা। অভিযোগ, বন্ধুত্বের সুযোগকে হাতিয়ার করে নিজের পরিচয় গোপন করে মৃত ছেলের নাম-পরিচয় ব্যবহার করে জাল নথি তৈরি করেছে এক যুবক। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের ঝড় উঠেছে।
সবংয়ের খড়পাড়া এলাকার বাসিন্দা সত্যচরণ সিংহের পরিবারের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আসা–যাওয়া ছিল কেশিয়াড়ির তরুণ শেখ তাজুদ্দিনের। সত্যচরণের ছেলের সঙ্গে বন্ধুত্ব থাকায় তাঁদের বাড়িতে সহজেই অবাধ প্রবেশাধিকার তৈরি করে নেয় সে। পরিবারও তাকে কাছের মানুষ ভেবেই দেখত।
অভিযোগ, সেই বিশ্বাসকেই অস্ত্র বানিয়ে নিজের প্রকৃত পরিচয় আড়াল করে তাজুদ্দিন ‘বাবলু সিংহ’ নামে নতুন পরিচয় তৈরি করে। শুধু তাই নয়—মৃত ছেলের বাবা সত্যচরণ সিংহকেই নিজের বাবার নাম দেখিয়ে সকলে অজান্তেই নারায়ণগড়ে ঠিকানা দিয়ে তৈরি করেছে ভোটার কার্ড–সহ একাধিক সরকারি নথি।
ঘটনার কথা জানতে পেরে হতবাক হয়ে যান সত্যচরণ সিংহ। তাঁর ছেলে প্রতাপ সিংহ তিন বছর আগে মারা গিয়েছেন। সেই মৃত ছেলের নাম ও পরিচয় ব্যবহার করে যে প্রতারণা হয়েছে, তা বুঝতে পেরেই তিনি সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এই ঘটনার পর থেকেই নানা প্রশ্ন ঘুরছে স্থানীয়দের মনে—কেন মৃত ব্যক্তির পরিচয় ব্যবহার করা হল? কোন উদ্দেশ্যে তৈরি হল এই জাল নথি? এর পেছনে কি বড় কোনও চক্র রয়েছে?
সবং থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শেখ তাজুদ্দিনের আসল পরিচয়, তার তৈরি করা নথির উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত—সবই খতিয়ে দেখা হচ্ছে।

