বাংলার বিধানসভা (West Bengal Election 2026) ভোটের আগে রাজনৈতিক লড়াই ক্রমশ জমে উঠছে। ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যের প্রধান দুই দল নিজেদের কৌশল সাজাতে শুরু করেছে। আর তারিমধ্যে বড় চমক—একই কেন্দ্রে মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee এবং বিরোধী দলনেতা Suvendu Adhikari।
বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় শুভেন্দু অধিকারীকে ভবানীপুর এবং নন্দীগ্রাম—দুই কেন্দ্র থেকেই প্রার্থী করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুর থেকেই লড়বেন। ফলে নন্দীগ্রামের পর আবারও দুই শীর্ষ নেতার সরাসরি লড়াই দেখতে চলেছে রাজ্য।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই জয়ের প্রসঙ্গ তুলে এবারও আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা। তাঁর দাবি, ভবানীপুরেও সেই ফলের পুনরাবৃত্তি হবে।
তবে রাজনৈতিক মহলের একাংশ বলছে, ভবানীপুরের সমীকরণ ভিন্ন। দীর্ঘদিন ধরেই এই কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১১, ২০১৬ এবং ২০২১—একাধিক নির্বাচনে এই কেন্দ্রে এগিয়ে থেকেছে তৃণমূল।
যদিও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা অংশে বিজেপি অল্প ব্যবধানে এগিয়ে ছিল, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়।
ভবানীপুরে বাঙালি, গুজরাতি, মারওয়ারি, বিহারি সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটার রয়েছে। পাশাপাশি উল্লেখযোগ্য মুসলিম ভোটও রয়েছে। এই মিশ্র ভোট-সমীকরণই ফল নির্ধারণে বড় ভূমিকা নেয় বলে মনে করেন বিশ্লেষকরা।
সব মিলিয়ে, নন্দীগ্রামের পর আবারও মমতা বনাম শুভেন্দুর লড়াই এবার ভবানীপুরে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এখন দেখার, এই হাইভোল্টেজ টক্করে শেষ পর্যন্ত জয় কার হয়।

