হুগলির সিঙ্গুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গয়ায় পিণ্ডদান করে ফেরার পথে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে গাড়ি ধাক্কা মারতেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ভোরে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনি-মুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনি এলাকার একটি পরিবার এবং তাদের আত্মীয়স্বজন মিলিয়ে মোট ১০ জন গয়ায় পিণ্ডদান করতে গিয়েছিলেন। সেখান থেকে একটি গাড়িতে করে ফেরার সময় ভোরবেলা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার জেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা চালক-সহ সকলেই গুরুতর জখম হন। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে নামে এবং আহতদের সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যায়।
সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ওয়ালশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত এক শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
একই পরিবারের চারজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।



