অমিত খিলাড়ি, পিংলা: বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে দেশজুড়ে ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচির যে উন্মাদনা তৈরি হয়েছে, এবার তার ঢেউ আছড়ে পড়ল পিংলায়। মেদ ঝরানো এবং ‘ফিট ইন্ডিয়া’ (Fit India)-র বার্তা দিতে আজ, রবিবার পিংলা ব্লকে এক বিশাল সাইকেল র্যালির আয়োজন করা হয়। ‘লেটস রাইড ফর আ ফিটার ভারত’— এই স্লোগানকে সামনে রেখে এদিন সকালে মুন্ডুমারি হাই স্কুল থেকে এই মেগা সাইকেল র্যালির সূচনা হয় এবং তা জামনা বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ পথ পরিক্রমা করে।
এদিনের এই বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি এবং প্রশাসনের আধিকারিকরাও। সাইকেলের প্যাডেলে পা রেখে র্যালিতে অংশ নেন পিংলার বিধায়িকা স্বাগতা মান্না, পিংলা ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক গোপাল রানা, পিংলার বিডিও-সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকবৃন্দ।
রবিবারের ছুটির সকালে জনপ্রতিনিধি ও পুলিশ আধিকারিকদের সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এমন অভিনব উপায়ে সুস্থতার বার্তা দেওয়াকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।



