নিজস্ব সংবাদদাতা: ভোটের এখনও প্রায় এক মাস বাকি, তার আগেই উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)। দক্ষিণ ২৪ পরগনার চালতাবেড়িয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর।
সাম্প্রতিক সময়ে ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছিল। প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম দল ছাড়ার পর থেকেই এলাকায় জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে, এলাকায় শক্তি ফেরাতে মরিয়া শাসকদল। এই পরিস্থিতিতে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আইএসএফের অভিযোগ, বিস্ফোরণের পিছনে স্থানীয় তৃণমূল নেতাদের ভূমিকা রয়েছে। তাঁদের দাবি, চালতাবেড়িয়া এলাকায় বোমা বাঁধার সময়ই বিস্ফোরণ ঘটে এবং তাতে তাঁদের এক নেতা আহত হন।
আইএসএফ নেতা আবুল খয়ের মোল্লা অভিযোগ করে বলেন, রাতে আচমকা বিকট শব্দ শোনা যায়। পরে জানা যায় বোমা বিস্ফোরণ হয়েছে। তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল ঘনিষ্ঠদের যোগ রয়েছে এবং তাঁদের উপর হামলার অভিযোগও তোলেন।
যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, ভাঙড় কেন্দ্র ঘিরে রাজনৈতিক লড়াইও ক্রমশ তীব্র হচ্ছে। ২০২১ সালে এই আসন আইএসএফের দখলে যায়। এবারও এই কেন্দ্রকে ঘিরে তৃণমূল ও আইএসএফের মধ্যে সরাসরি লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।
এই আবহেই বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে বলে জানা গিয়েছে।

