Yubasathi: যুবসাথী প্রকল্পে আবেদন করেও এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি—এই অভিযোগ ঘিরে জোর চর্চা চলছে রাজ্যজুড়ে। সেই পরিস্থিতিতেই বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee।
বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের জনসভা থেকে তিনি জানান, “যুবসাথী সবাইকে দেওয়া হচ্ছে। কিছু আবেদন বাকি আছে, প্রসেস চলছে। সবাই টাকা পেয়ে যাবেন।”
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় প্রচার ও জনসংযোগে নেমেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রচার মঞ্চ থেকেই যুবসাথী প্রকল্প নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি।
রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী যুবকদের মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। বছরে যা দাঁড়ায় ১৮,০০০ টাকা। এই সুবিধা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত পাওয়া যেতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান, এই অর্থকে বেকার ভাতা হিসেবে নয়, বরং যুবকদের দৈনন্দিন খরচে সহায়তা করার জন্য দেওয়া হচ্ছে, যতদিন না তারা চাকরি বা কর্মসংস্থান পাচ্ছেন।
অনেক আবেদনকারীর এখনও টাকা না পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট—যাদের টাকা এখনও আটকে আছে, তাঁদের ক্ষেত্রেও প্রক্রিয়া চলছে এবং ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে।

