BCCI: ভারতের ক্রিকেটে যেন এক দুঃস্বপ্নের সকাল। দীর্ঘ ২৫ বছর পর আবার ভারত মাটিতে পুরো টেস্ট সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা, আর সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটের লজ্জার খাতায় নতুন দাগ। নিউজিল্যান্ডের পরে আবার প্রোটিয়াদের সামনে হোয়াইটওয়াশ—টিম ইন্ডিয়ার সাদা বলের গৌরব যেখানে দাপটের সঙ্গে চলছে, ঠিক উল্টোদিকে লাল বলে ঘটছে একের পর এক বিপর্যয়।
তার ওপর ২০২৫–২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাকিস্তানেরও নিচে নেমে গেছে ভারত। স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটের এই পতন ঘিরে তীব্র প্রশ্ন উঠছে কোচিং সেটআপকে ঘিরে। আর সেই ক্ষোভের কেন্দ্রে এখন একটাই নাম—প্রধান কোচ গৌতম গম্ভীর।
ভক্তদের দাবি, গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের টেস্ট দল ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। ২০২৪ সালের জুলাইয়ে জাতীয় দলের কোচ হন তিনি। সেই থেকে ভারত ১৯টি টেস্ট খেলেছে—তার মধ্যে ১০টি হেরেছে, মাত্র ৭টিতে জয়, বাকি দু’টিতে ড্র। এমন একটি পরিসংখ্যানই জ্বালিয়ে তুলেছে সমালোচনার আগুন।
এই প্রবল চাপে বুধবার দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হারার পর গম্ভীরের প্রতি সমর্থনের বার্তাই শোনালেন শুভমন গিল। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা— “শান্ত সমুদ্র তোমাকে চালনা করতে শেখায় না, বরং ঝড়ই তোমাকে অবিচল থাকতে শেখায়। আমরা একে অপরের উপর বিশ্বাস রাখব, একে অপরের জন্য লড়াই করব এবং এগিয়ে যাব – আরও শক্তিশালী হয়ে।” শুভমনের পোস্টে হতাশা স্পষ্ট হলেও ভেঙে না পড়ার এক অদ্ভুত দৃঢ়তাও রয়েছে। দলের ভিতরে কী চলছে—সেই প্রশ্নই এখন নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে।
Calm seas don’t teach you how to steer, it’s the storm that forges steady hands. We’ll continue to believe in each other, fight for each other, and move forward – rising stronger. 🇮🇳
— Shubman Gill (@ShubmanGill) November 26, 2025
অন্যদিকে, গম্ভীরও সংবাদ সম্মেলনে সোজা কথা বলেছেন—তিনি জানেন, ব্যর্থতার দায় প্রথমেই তাঁর দিকেই ধেয়ে আসবে। তিনি বলেন, “দোষ সবার, কিন্তু দোষারোপ শুরুটা সবসময় আমাকে দিয়েই হয়।” সঙ্গে নিজের আগের সাফল্যও মনে করিয়ে দিতে ভোলেননি—ইংল্যান্ডে ভারতকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি তাঁর কোচিংয়েই দল জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে সব শেষে গম্ভীর স্বীকার করেছেন—টেস্ট ক্রিকেটেই আবার মূল শক্তি ফিরে পেতে হবে ভারতকে।

