২০২৬ বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত নন্দীগ্রামের (Nandigram) রাজনৈতিক ময়দান। এরই মধ্যে বিজেপিতে ভাঙনের ছবি আরও স্পষ্ট হল পূর্ব মেদিনীপুরে। বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি বেরা কর। তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
মঙ্গলবার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি Sujit Roy–এর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। এই যোগদানকে ঘিরে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন নন্দীগ্রামের প্রভাবশালী নেতা Pabitra Kar। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee–এর হাত ধরে তিনি দলে যোগ দেন। পরবর্তীতে তাঁকেই নন্দীগ্রাম ২১০ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল।
পবিত্র করের প্রার্থী ঘোষণা ঘিরে দিনভর তৃণমূলের বিভিন্ন কর্মসূচি হয়। সেই আবহেই জেলা নেতৃত্ব তাঁর বাড়িতে বৈঠক করে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করে। আর তার কিছুক্ষণের মধ্যেই তাঁর স্ত্রী তথা বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি বেরা করের দলবদল রাজনৈতিক গুরুত্ব বাড়িয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রামে বিজেপির আরও একাধিক জনপ্রতিনিধি তৃণমূলে যোগ দিতে পারেন। এমনকি একটি পঞ্চায়েত সমিতির সভাপতির দলবদল নিয়েও জোর জল্পনা তৈরি হয়েছে। অপরদিকে ২৬ এর বিধানসভা নির্বাচনের মুখে দাড়িয়ে এই ধারাবাহিক দলবদল নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলেই অনেক বিশ্লেষকরা মনে করছেন।

