ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল নন্দকুমারে। ঘটনা তমলুক-ময়না রাজ্য সড়কের ধারে বহিচবেড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি স-মিলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় রাত ৩টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখা যায়, সেই মুহূর্তে আতঙ্কে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। ততক্ষণ আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তেই পরিস্থিতি জটিল হয়ে পড়ে।
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। পরে তমলুক থেকে দমকলের একটি ইঞ্জিন আসে, প্রায় ৩০-৪০ মিনিটের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তবে জলের সঙ্কটে দমকল কর্মীদের কাজে বিঘ্ন ঘটে। বাধ্য হয়ে খাল থেকে পাম্পের মাধ্যমে জল তোলা হয়, যার কারণে রাজ্য সড়কে যান চলাচলে প্রভাব পড়ে এবং কিছু সময় এর জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে।
স-মিলের মালিক প্রণব রায় জানান, “আমি আগের দিন সন্ধে সাড়ে সাতটার সময় মিল বন্ধ করে বাড়ি যাই। তখন সব ঠিক ছিল। কেউ বা কারা শত্রুতা করে আগুন লাগিয়েছে বলে সন্দেহ। প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।” বলে অভিযোগ।
এদিকে তমলুক ফায়ার ব্রিগেডের ওসি অসীম কুমার ঘোষ জানান, “নন্দকুমার থানার মাধ্যমে খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রচণ্ড গরমের কারণে আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে, তবে তদন্ত না করে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।” ওপরদিকে এই অগ্নিকাণ্ড ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

