পূর্ব মেদিনীপুর: সকালের ঘুম ভাঙার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল এগরা শহর। বৃহস্পতিবার সকালে এগরা সারদা শশীভূষণ কলেজের সায়েন্স বিল্ডিংয়ে আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, সকাল সাতটা নাগাদ কলেজ ক্যাম্পাস থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রথমে আগুন লাগে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে। কলেজ বন্ধ থাকায় কোনও পড়ুয়া বা কর্মী ভিতরে ছিলেন না, ফলে বড়সড় প্রাণহানির সম্ভাবনা এড়ানো গিয়েছে। তবে বহু মূল্যবান ল্যাব সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথি সম্পূর্ণ পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা প্রথমে সায়েন্স বিল্ডিং থেকে ধোঁয়া বেরোতে দেখেন। দ্রুত খবর দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষ ও দমকল বিভাগকে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, গোটা কলেজ কিছুক্ষণের মধ্যেই ঘন ধোঁয়ায় ঢেকে যায়।
ঘণ্টাখানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও আতঙ্কে রয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলেজ কর্তৃপক্ষ, দমকল আধিকারিক ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। তদন্ত শুরু হয়েছে কীভাবে আগুন লাগল।

