ঝাড়গ্রাম: টানা বৃষ্টি আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নদীর জল। এর জেরে ফের রুদ্র মূর্তি ধারণ করেছে চিল্কিগড়ের ডুলুং নদী। জলস্ফীতির ফলে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামবনি ব্লকের সঙ্গে ঝাড়গ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত থেকে লাগাতার ভারী বৃষ্টিপাত হচ্ছে ঝাড়গ্রাম জেলা ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে। এর জেরে ফুলেফেঁপে উঠেছে ডুলুং নদী, এবং নদীর জলস্তর বিপদসীমার উপরে বইছে। ফলে এই নদীর উপর থাকা কজওয়ে সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে যাওয়ায় কার্যত জামবনি ব্লকের সঙ্গে ঝাড়গ্রাম শহরের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অন্যদিকে, জাতীয় সড়কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাস্তায় সারি সারি লরি দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে জরুরি রোগী পরিবহণে। এমার্জেন্সী রোগীদের ঘুরপথে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন আত্মীয় ও স্বাস্থ্যকর্মীরা, যার ফলে বিপাকে পড়ছেন সবাই।
এদিকে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, প্রতি বছর বর্ষা নামলেই কেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে? কেন প্রশাসন স্থায়ী কোনও সমাধানের পথে হাঁটছে না? এই প্রশ্ন ঘিরে সরব হয়ে উঠেছে গোটা এলাকা।

