মুর্শিদাবাদ: ফুটবল খেলা যে কেবল বিনোদন নয়, গ্রামীণ সমাজে ঐক্য ও উৎসবের প্রতীক — তারই প্রমাণ মিলল নবগ্রাম ব্লকের শীলগ্রাম ফুটবল ময়দানে। আজ অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত “MLA এবং প্রেসিডেন্ট কাপ ২০২৫” ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান।
শীলগ্রাম সবুজ সংঘ এবং নবগ্রামের প্রাক্তন ফুটবলারদের উদ্যোগে ও পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ছিল উৎসবমুখর পরিবেশ। মাঠের চারপাশে জনতার ঢল, বাজছিল ঢাক ও করতাল, আর তাতেই ছেয়ে গিয়েছিল খেলার মাঠজুড়ে উচ্ছ্বাস।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ATKS বনাম ইটাসরান তরুণ সংঘ। খেলার আগে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, পূর্ত কর্মদক্ষ হাসিবুর রহমান, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও নবগ্রামের প্রাক্তন ফুটবল খেলোয়াড়রা। সকল অতিথিকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।
উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে মাঠজুড়ে উপচে পড়া ভিড়। নারী-পুরুষ, বৃদ্ধ-যুবা— সকলের মধ্যেই ছিল খেলা ঘিরে প্রবল আগ্রহ। স্থানীয় বাসিন্দাদের মতে, “প্রতিবছরের মতো এবারও MLA ও প্রেসিডেন্ট কাপ গ্রামজুড়ে উৎসবের আমেজ এনে দিয়েছে।”
আয়োজক কমিটির এক সদস্য জানান, “এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য গ্রামীণ ক্রীড়া প্রতিভাদের মঞ্চ দেওয়া ও যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা।” আগামী এক সপ্তাহ ধরে নবগ্রাম ব্লকের বিভিন্ন দলের মধ্যে এই প্রতিযোগিতা চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

