প্রথম দফার West Bengal Assembly Election 2026 চলাকালীনই কলকাতায় প্রচারে ঝড় তুললেন Mamata Banerjee। চৌরঙ্গি ও এন্টালি কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে বৌবাজারে সভা থেকে বিজেপি এবং প্রধানমন্ত্রী Narendra Modi-কে একের পর এক আক্রমণ করেন তিনি। তাঁর মন্তব্য, “৪ মে ভোটের বাক্স খুললেই দেখা যাবে, বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে।”
সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা প্রথমেই ব্যবসায়ী মহলের উদ্দেশে বার্তা দেন। বৌবাজারের সোনার বাজার, মেট্রো প্রকল্পের ক্ষতি, নোটবন্দি থেকে কোভিড— সব প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, প্রতিটি সংকটে তিনি ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার অভিযানের বিরুদ্ধেও সরব হন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি মন্তব্যেরও কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। খানিক ব্যঙ্গের সুরে তিনি বলেন, “ঝালমুড়ির ঝাল আমরা খেতে অভ্যস্ত। আপনি ভেলপুরি খান, দিল্লিতে সেটাই পাওয়া যায়।” একই সঙ্গে তিনি নিজের খাদ্যাভ্যাস তুলে ধরে বলেন, সব ধর্ম ও সংস্কৃতিকে তিনি সম্মান করেন, কাউকে ধর্ম শেখানোর প্রয়োজন নেই।
ভোটের হার বৃদ্ধি নিয়ে মোদীর মন্তব্যেরও পাল্টা দেন মমতা। তাঁর অভিযোগ, বিজেপি আগে থেকেই নিজেদের জয়ের দাবি করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অসম্মান। তিনি প্রশ্ন তোলেন, “এভাবে কীভাবে বলা যায় সব ভোট আপনাদের? তা হলে কি ইভিএম আগে থেকেই ঠিক করা আছে?”
মমতার দাবি, এবারের ভোট আসলে মানুষের অধিকার রক্ষার লড়াই। তিনি বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, এনআরসি এবং ডিলিমিটেশন— এসব ইস্যুতে মানুষ উদ্বিগ্ন। সেই কারণেই বিপুল সংখ্যায় মানুষ ভোট দিচ্ছেন।
শেষে তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, বাংলার মানুষ কাউকে ভয় পায় না এবং নিজের ভোট নিজেই রক্ষা করতে জানে। তাঁর কথায়, “বাংলা জ্বলছে না, ভোটের ফলেই সব পরিষ্কার হয়ে যাবে।”





