দিনের আলোতেই হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল তমলুকের মিলননগর বাজার। সোমবার দুপুর প্রায় বারোটার সময় রোজকার মতোই ভিড় জমেছিল বাজারে। হঠাৎই মুখে কালো কাপড় বেঁধে তিন দুষ্কৃতী একটি সোনার দোকানে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে বের করে আনে বন্দুক। আতঙ্ক সৃষ্টি করতে আকাশে টানা কয়েক রাউন্ড গুলি চালায় তারা।
চোখের নিমিষে কাউন্টার ভেঙে গয়না হাতানো শুরু হয়। দোকানের মালিক ও কর্মীরা ভয়ে স্তব্ধ। কেউ কিছু বোঝার আগেই কয়েক লক্ষ টাকার গয়না গুছিয়ে নেয় দুষ্কৃতীরা। ভিড় জমে যায় বাজারে। দোকানের বাইরে দাঁড়ানো সাধারণ মানুষ চিৎকার শুরু করলে মুহূর্তের মধ্যে মোটরবাইকে চেপে চম্পট দেয় ওই তিন দুষ্কৃতী। তমলুকের এসডিপিও জানিয়েছেন, বেশ কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তমলুক থানা ও কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বাজারজুড়ে শুরু হয় তল্লাশি। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকা থেকে দুষ্কৃতীদের পালানোর রুট খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশের দাবি, দ্রুত অভিযুক্তদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে।
অন্যদিকে দিনদুপুরে বাজারের ব্যস্ততম এলাকায় এহেন দুঃসাহসিক ডাকাতি রীতিমতো প্রশ্ন তুলেছে এলাকার নিরাপত্তা নিয়ে। আতঙ্কিত ব্যবসায়ীরা বলছেন—“বাজারে এভাবে বন্দুক নিয়ে ডাকাত ঢুকে পড়লে নিরাপত্তার গ্যারান্টি কোথায়?” স্থানীয়দের দাবি, বাজারে পর্যাপ্ত পুলিশি টহল এবং নজরদারি বাড়াতে হবে অবিলম্বে।

